নোটিশ বোর্ড

সিআইসি উদ্যোক্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ
সিআইসি টিমের পক্ষ থেকে সিআইসির বর্তমান উদ্যোক্তাদের জন্য প্রয়োজনের উপর ভিত্তি করে কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। সিআইসির সব উদ্যোক্তাই সিআইসি শুরুর প্রাক্কালে ২ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। এবারের প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো কারিগরী ও ব্যবসায়িক কৌশল সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি, যা উদ্যোক্তাদের আরো সফলভাবে ব্যবসা পরিচালনায় সহায়ক হবে। ফোনকলের মাধ্যমে এই প্রশিক্ষণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের চাহিদা সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তা গভীরভাবে বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ১০০ জন উদ্যোক্তাকে এই বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।
উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী সিআইসির প্রশিক্ষণ টিম ১৫ ও ১৮ সেপ্টেম্বর দুইটি একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। দেশের বিভিন্ন স্থান থেকে মোট ২৮ জন উদ্যোক্তা গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ দুইটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মো: মোস্তাফিজুর রহমান, শেখ নাসির উদ্দিন এবং সনত পাল চৌধুরী।
দুইদিনে দুইটি আলাদা বিষয়ের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণের বিষয় ছিলো কনটেন্ট সোর্সিং এবং ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণের বিষয় ছিলো কম্পিউটার নেটওয়ার্কিং। তাছাড়াও উভয় প্রশিক্ষণেই প্রচারণা ও ব্যবসা উন্নয়ন কৌশল সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিলো। ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি অডিও ভিজুয়্যাল উপস্থাপনার কারণে প্রশিক্ষণগুলোতে উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ছিলো লক্ষ্য করার মতো।
প্রশিক্ষণের শেষে বিষয়ভিত্তিক কুইজের আয়োজন করা হয়, যার মাধ্যমে প্রতিদিন দুইজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। ১৫ সেপ্টেম্বর এর বিজয়ীরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার উদ্যোক্তা জিয়াউল হক আকন্দ সুমন এবং মেহেরপুরের গাঙনী উপজেলার উদ্যোক্তা মো: খোরশেদ আলম। ১৮ সেপ্টেম্বরের বিজয়ীরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার উদ্যোক্তা আনোয়ার হোসেন এর পক্ষে অংশগ্রহণকারী ইমরান হোসেন এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার উদ্যোক্তা মো: রেজাউল করিম।
তাছাড়াও সিআইসির অনলাইন হিসাব ব্যবস্থাপনার যথাযথ ব্যবহারের জন্য এ দুইদিনে মোট ছয়জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন মো: নুর হোসেন (লেমুয়া, ফেনী), সত্যরঞ্জন দেবনাথ (বালাগঞ্জ, সিলেট), মো: রেজাউল করিম (বদরগঞ্জ, রংপুর), মো: আনোয়ার হোসেন (শ্রীপুর, গাজীপুর), জিয়াউল হক আকন্দ সুমন (ফুলপুর, ময়মনসিংহ) এবং সুহেল আহমদ চৌধুরী (ওসমানীনগর, সিলেট)। সিআইসি ম্যানেজম্যান্ট টিমের সদস্য জনাব আখতারুল আমিন (হেড অফ আর. সি. এন্ড সি. ই.), জনাব মো: মেজবাহ উদ্দিন (হেড অফ কিউ. এ. এন্ড সি. ডি.), জনাব মো: শফিকুল ইসলাম সিকদার (হেড অফ আর. ও. এন্ড ও. এস.) এবং জনাব সৈয়দ মো: মোস্তফা শামস (হেড অফ এস. আর. এন্ড এস. ডি.) এর উপস্থিতিতে সিআইসি প্রধান জনাব এ এইচ এম সুলনতানুর রেজা এই পুরস্কার বিতরণ করেন।
প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা সিআইসি প্রশিক্ষণ টিমের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের অন্যান্য পর্বগুলো পবিত্র ঈদ উল ফিতরের পরে অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
 


[+] সব নোটিশ